মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২১ জুলাই ২০২৬

অর্থসংকটে থমকে আছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’ প্রকল্প

অর্থসংকটে থমকে আছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’ প্রকল্প
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রস্তাবিত ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের উদ্যোগ দুই বছরেও বাস্তব রূপ পায়নি। নাম পরিবর্তন, প্রাথমিক নকশা ও পরিকল্পনা চূড়ান্ত হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে এখনো প্রকল্পটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা তৎকালীন ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এবং শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় চত্বরটির নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ রাখা হয়। তবে দুই বছর পার হলেও কার্যত নামফলক পরিবর্তনের বাইরে দৃশ্যমান কোনো নির্মাণকাজ শুরু হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, “জুলাইকে আমরা যথাযথ গুরুত্বের সঙ্গে দেখি। স্কয়ারটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। আমি নিজে স্থানটি পরিদর্শন করেছি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘাস অপসারণ ও ক্ষতিগ্রস্ত টাইলস সংস্কারের নির্দেশ দিয়েছি। মূল অবকাঠামোতে এখনো কাজ শুরু না হলেও আমরা বসে নেই। ইতোমধ্যে একাধিক স্থাপত্য নকশা আহ্বান করা হয়েছে এবং নকশাও হাতে এসেছে।”

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং অর্থ বরাদ্দ নিশ্চিত হলে নির্মাণকাজ শুরু করা হবে।

পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “প্রকল্পটির ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় বাস্তবায়নে কিছুটা সময় লাগছে। অর্থসংকটের কারণে এখনই কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং এ বিষয়ে উপাচার্যের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়া গেলে আগের ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর ভিত্তি ব্যবহার করে ‘জুলাই-২৪ স্কয়ার’ নির্মাণের বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।”

অন্যদিকে দীর্ঘ সময়েও নির্মাণকাজ শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ইয়াসির নাজিম বলেন, “জুলাই বিপ্লব আমাদের প্রজন্মের আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। এই আন্দোলনে শহীদদের স্মৃতি সংরক্ষণে ‘জুলাই-২৪ স্কয়ার’ একটি গুরুত্বপূর্ণ স্মারক হতে পারত। কিন্তু দুই বছর পরও নির্মাণকাজ শুরু না হওয়া হতাশাজনক। শুধু নাম পরিবর্তন করলেই দায়িত্ব শেষ হয় না। আমরা চাই দ্রুত অর্থ বরাদ্দ নিশ্চিত করে একটি দৃষ্টিনন্দন ও মর্যাদাপূর্ণ স্কয়ার নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস ধারণ করতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে ‘জুলাই-২৪ স্কয়ার’-এর নির্মাণকাজ দ্রুত শুরু করা প্রয়োজন। এজন্য দ্রুত অর্থ বরাদ্দ নিশ্চিত করে প্রকল্পটির বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয়