মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ২১ জুলাই ২০২৬

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

অভিনয় আর ব্যস্ততার দৌড়ঝাঁপ থেকে কিছুটা দূরে গিয়ে নীল জলরাশির মাঝে হারিয়ে গেলেন অভিনেত্রী কেয়া পায়েল। কাজের ব্যস্ততা সামলে এবার মালদ্বীপে রোমাঞ্চকর সময় কাটানোর নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কখনো সমুদ্রের ঢেউ, কখনো আকাশপথের রোমাঞ্চ—সব মিলিয়ে তার ভ্রমণের মুহূর্তগুলো যেন ধরা দিয়েছে এক টুকরো আনন্দের ক্যানভাসে।

অভিনয়ে ব্যস্ততা তো লেগেই থাকে। বছরজুড়েই নাটক আসে তার। তবে এত ব্যস্ততার ভিড়েও নিজেকে সময় দিতে ভুল করেন না কেয়া পায়েল। ফুরসৎ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন নানা দেশে। এই যেমন কিছুদিন আগে ঘুরে এসেছেন পর্যটনের দেশ মালদ্বীপ থেকে।

নীলাভ স্বচ্ছ জলের দেশে রোমাঞ্চকর ভ্রমণের টুকরো কিছু মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন অভিনেত্রী। আজ সেটিই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, কখনো নির্মল বাতাস উপভোগ করছেন কেয়া পায়েল, কখনো সৈকতে ছুটে বেড়াচ্ছেন। আবার কখনো প্যারাসেইলিংয়ের রোমাঞ্চে মেতেছেন। সমুদ্রের গভীরে গিয়ে স্কুবা ডাইভিংও করেছেন অভিনেত্রী।

রোমাঞ্চকর এই ভ্রমণে জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত সঞ্চয় করে নিয়েছেন কেয়া পায়েল। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’

কেয়া পায়েলের এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেকেই। তবে কেউ কেউ আবার ভিন্নমতও জানিয়েছেন। তাদের মতে, নিজের ইচ্ছেপূরণের জন্য মানসিক স্বস্তির পাশাপাশি আর্থিক স্বচ্ছলতাও প্রয়োজন।

গত কয়েকদিনে মালদ্বীপ ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কেয়া পায়েল। তবে এরই মধ্যে অন্য একটি ভিডিওও ছড়িয়ে পড়ে, যা অভিনেত্রী নিজে প্রকাশ করেননি। সেখানে দেখা যায়, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে আছেন কেয়া পায়েল ও এক যুবক। একপর্যায়ে ওই যুবককে খাবার খাইয়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা। গুঞ্জন ওঠে, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। যদিও বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

সর্বশেষ

জনপ্রিয়