বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ আগস্ট ২০২৬

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৬ আগস্ট এক দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এই ছুটি সরকারি ও আধা-সরকারি কার্যালয়ের পাশাপাশি সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও কার্যকর হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৫ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের গণনা শুরু হয়েছে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ১২ রবিউল আউয়াল। এ কারণেই এদিন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ছুটির তালিকাতেও ২৬ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা উল্লেখ রয়েছে। ফলে এদিন ব্যাংকের নিয়মিত লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। তবে এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং কার্ডের মাধ্যমে পরিচালিত ডিজিটাল লেনদেন স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এ ছুটির আওতায় রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত শিক্ষাপঞ্জিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি রাখা হয়েছে। একইভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশোধিত ছুটির তালিকাতেও দিনটিকে ছুটির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাউশির আওতাধীন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বুধবার কোনো পাঠদান হবে না।

ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে দিনটি ধর্মীয় গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালন করা হয়ে থাকে। তবে মহানবী (সা.)-এর জন্মতারিখ নিয়ে ইসলামি ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।

জনপ্রিয়