রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ২৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ইবিতে ব্যানার-পোস্টার অপসারণ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ইবিতে ব্যানার-পোস্টার অপসারণ
ছবিঃ প্রতিনিধি

আসন্ন সমাবর্তন ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক-সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান গণমাধ্যমে বলেন, “সমাবর্তন ও প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রধান ফটক, সংলগ্ন এলাকা ও ক্যাম্পাসের ভেতরে থাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের কাজ শুরু হয়েছে।”

তিনি বলেন, এর আগে প্রক্টর অফিসে প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভায় প্রশাসনের বেধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রচারসামগ্রী অপসারণ না করা হলে প্রশাসন সেগুলো সরিয়ে ফেলবে বলে সিদ্ধান্ত জানানো হয় এবং সেসময় ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দও এতে সম্মতি জানান। এরই প্রেক্ষিতে আজ এই অপসারণ কার্যক্রম পরিচালনা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭নভেম্বর ক্যাম্পাসে যেকোনো কর্মসূচির প্রচার-প্রচারণার জন্য প্রশাসনের অনুমতি সাপেক্ষে কর্মসূচির সর্বোচ্চ ১০ দিন আগে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো যাবে বলে নির্দেশনা দেয় প্রশাসন। কর্মসূচি শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো অপসারণ করতে বলা হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ক্ষেত্রে কর্মসূচির সর্বোচ্চ তিন দিন আগে প্রচারসামগ্রী টানানো যাবে এবং কর্মসূচি শেষ হওয়ার দুই দিনের মধ্যে তা সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি কর্মসূচিতে মাইক ব্যবহারের ক্ষেত্রেও প্রশাসনের পূর্বানুমতির কথা বলা হয়েছে।