যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফিজিওথেরাপি সেবা কর্মসূচির উদ্বোধন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা ও সচেতনতামূলক কর্মসূচি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের আয়োজনে এই ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর।
উদ্বোধনী দিনেই শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে বিশ্বমানের ফিজিওথেরাপি সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের শিক্ষা ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ড. মো. ফিরোজ কবির সপ্তাহব্যাপী কর্মসূচির রোডম্যাপ ঘোষণা করেন। তিনি জানান, ফিজিওথেরাপিস্টদের অবদান তুলে ধরা এবং সঠিক শারীরিক ব্যায়ামের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো, স্ট্রোক দ্রুত শনাক্তকরণ ও স্ট্রোক-পরবর্তী রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাই এবারের মূল ফোকাস।
কর্মসূচির মধ্যে রয়েছে—৭ সেপ্টেম্বর ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও উদ্বোধন, ৮ সেপ্টেম্বর নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস নিয়ে প্যানেল আলোচনা, ৯ সেপ্টেম্বর মূল অনুষ্ঠান, ১০ ও ১২ সেপ্টেম্বর গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী উন্নয়ন ক্যাম্প পরিদর্শন এবং সমাপনী অনুষ্ঠান।



























