জবিতে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে মানববন্ধন, র্যালি ও সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে নৈরাজ্যবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে জকসু, ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরে সকাল সাড়ে ১০টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক সমিতি, ইউট্যাব, সাদা দল, কর্মকর্তা সমিতি, জকসু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিগত ১৭-১৮ বছরের শাসনামলে দেশে ভিন্নমত দমন, জুলুম, অত্যাচার ও নানা ধরনের অনিয়ম-অবিচারের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এসবের প্রভাব দেখা গেছে। অতীতের অনিয়ম, দুর্নীতি, জুলুম ও অবিচারের সঙ্গে যারা জড়িত, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, কোনো ধরনের নৈরাজ্য, নাশকতা, ষড়যন্ত্র কিংবা সহিংস কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে; কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ধৈর্যশীল, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপাচার্য আরও বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না; বরং সকলকে সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ ও স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।’ এ সময় উপস্থিত সবাই হাত তুলে ‘নৈরাজ্যকে না’ বলে সমর্থন জানান।
সমাবেশে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ধর্ম, বর্ণ, মতভেদ ও আদর্শ নির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সহিংসতার বিরুদ্ধে সচেতন নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ অবস্থান থাকা জরুরি।
তিনি বলেন, রাষ্ট্রের ভিত্তি ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে। নৈরাজ্যকে ‘না’ বলে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।



























