নিজ বাড়ি থেকে ভিনসেন্ট পাস্তোরের মরদেহ উদ্ধার
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোরে ‘বিগ পুসি’ বনপেনসিয়েরো চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতিমান অভিনেতা ভিনসেন্ট পাস্তোরে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পাস্তোরের দীর্ঘদিনের ম্যানেজার বব ম্যাকগোয়ান জানান, অভিনেতা ভিনসেন্ট কুরাতোলা শনিবার তাকে পাস্তোরের মৃত্যুর খবর জানান।
কয়েক দিন ধরে বন্ধু ও সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় নিউইয়র্কের সিটি আইল্যান্ডে নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বব ম্যাকগোয়ান পাস্তোরেকে একজন বিশ্বস্ত মানুষ, দাতব্য কর্মকাণ্ডের নিবেদিত সমর্থক এবং সব সময় অন্যদের সাহায্যে এগিয়ে আসা একজন উদার ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন।
পাস্তোরের দীর্ঘদিনের প্রতিনিধি রবার্ট অ্যাটারম্যান বলেন, তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, সদালাপী এবং ভক্তদের প্রতি নিবেদিতপ্রাণ। ছবি তোলা কিংবা অটোগ্রাফ দেওয়ার অনুরোধ তিনি কখনো ফিরিয়ে দিতেন না। পাশাপাশি নতুন অভিনেতাদেরও নিয়মিত উৎসাহ দিতেন।
অভিনেতা মাইকেল ইম্পেরিওলি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে বলেন, পাস্তোরের সঙ্গে কয়েক দশকের বন্ধুত্ব, একসঙ্গে কাজ ও ভ্রমণের অসংখ্য স্মৃতি তার জীবনের মূল্যবান সম্পদ। তিনি পাস্তোরের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান।
ভিনসেন্ট পাস্তোরে ১৯৮০-এর দশকে অভিনয়জীবন শুরু করেন। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুডফেলাস’ ও ‘অ্যাওয়েকেনিংস’ চলচ্চিত্রে অভিনয় করলেও, এইচবিওর বহুল আলোচিত সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ ‘বিগ পুসি’ চরিত্রে ৩০টি পর্বে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।
নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া পাস্তোরে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরে পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। মৃত্যুকালে তিনি মেয়ে রেনি পাস্তোরেকে রেখে গেছেন।



























