পাকিস্তানে জনসমাবেশ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৪
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।
গত রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন সোয়াত উপত্যকার কাবাল শহরের একটি পুলিশ স্টেশনের প্রবেশমুখে এই হামলা ঘটে।
সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, থানার প্রবেশমুখে দায়িত্বরত পুলিশ সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি গায়ে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।
সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অব পুলিশ ফিদা হুসেইন জানান, বিস্ফোরণের সময় ঠিক পাশেই একটি মোড়ে কয়েকশ মানুষ এলাকায় ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছিলেন। সমাবেশের শেষ বক্তার বক্তব্য চলাকালীন এই বিস্ফোরণ ঘটে, যার ফলে চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের দ্রুত উদ্ধার করে সাইদু শরিফ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ বর্তমানে পুরো এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য: ২০০৯ সালে বড়ো ধরনের সামরিক অভিযান পরিচালনার আগে পাকিস্তানি তালেবানের অন্যতম প্রধান শক্ত ঘাঁটি ছিল এই সোয়াত উপত্যকা। সাম্প্রতিক সময়ে সেখানে আবারও সহিংসতা বাড়তে থাকায় স্থানীয় লোকজন প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হন।



























