রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চারটি সহজ সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা ঘরে বসেই খুব সহজে ও দ্রুত তাদের ভোটকেন্দ্রের ঠিকানা ও ভোটার নম্বর জানতে পারবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটারদের সুবিধার্থে মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চারটি মাধ্যমে ভোটসংক্রান্ত তথ্য জানার সুযোগ রাখা হয়েছে। পদ্ধতিগুলো হলো—
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ: ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশন নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

২. হটলাইন নম্বর ১০৫ : সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা ১০৫ নম্বরে কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সেবার জন্য ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই হটলাইন সেবা চালু থাকবে।

৩. এসএমএস সেবা : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে একটি স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট :
ভোটাররা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ecs.gov.bd)–এ প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে তথ্য জানতে পারবেন। এখানে দুটি উপায়ে তথ্য পাওয়া যাবে—

প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে ভোটকেন্দ্রের তালিকা দেখা যাবে।

দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া যাবে। এছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ দেখার সুবিধাও রয়েছে।