গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়ক দুটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও তাঁরা অন্য স্থানে গিয়ে আবারও সড়ক অবরোধ করছেন। এ পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সকালে জেলার অন্তত ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজে যোগ না দিয়ে কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায়ও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
মহাসড়ক দুটির বিভিন্ন স্থানে বারবার অবরোধ ও বিক্ষোভের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে আটকা পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করছেন। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।



























