প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসু বৈঠক হয়েছে, বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। তিনি জানান, বিনিয়োগের লক্ষে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশের কৃষি শিল্প ও আইটি সেক্টরে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চায় বলে জানান তিনি।
এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।



























