আ. লীগ নেতার ছেলের হাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
নরসিংদীর মনোহরদীতে জমির সীমানায় নারিকেল গাছ কাটা কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার ছেলে জীবন মিয়ার (৩০) লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে। এ ছাড়া তিনি ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। আর অভিযুক্ত হত্যাকারী শহীদুল্লাহ একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির ছেলে। তার সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহতের স্বজনরা জানায়, নিহত মিজান ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় শহীদুল্লাহর ছেলে জীবন কুড়াল দিয়ে মিজানের মাথায় আঘাত করে।
এতে আহত অবস্থায় তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, ‘দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি। আর মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।’
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা বলেন, ‘চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



























