মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২৫ আগস্ট ২০২৬

সার বিষয়ে পরামর্শ দিতে মন্ত্রিসভা কমিটি গঠন

সার বিষয়ে পরামর্শ দিতে মন্ত্রিসভা কমিটি গঠন
ছবি: সংগৃহীত

দেশজুড়ে সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এই কমিটির কার্যক্রম অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারাদেশে সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে কমিটি। এসব কার্যক্রম পর্যালোচনার পর কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে তারা।

এ ছাড়া কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

জনপ্রিয়