কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোররাত তিনটার দিকে নগরের সদর দক্ষিণ থানাধীন বারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোশাররফ হোসেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলীর ছেলে। তাঁর মায়ের নাম রেখা বেগম। বুধবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নাশকতা রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।



























