শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:০১, ১১ সেপ্টেম্বর ২০২৬

“বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার”

“বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার”
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বৈশ্বিক, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে। দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু লোক অবৈধ কর্মকাণ্ড করছে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ কাজ করবে, অন্যায় করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

বিগত সময়ে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

চেক প্রদান অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়