শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় জেলা প্রশাসনের অভিযান

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় জেলা প্রশাসনের অভিযান
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে ভুয়া ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে সাজাপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা বায়েজিদ হোসেনের আরেকটি অবৈধ ওষুধ কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সেখানে ভুয়া ওষুধের পাশাপাশি ওষুধ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিকও পাওয়া গেছে। অভিযানকালে কারখানার দায়িত্বরত কর্মচারী জিল্লুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল পণ্য ও ওষুধ সংরক্ষণের দায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শহরের গোয়ালচামট এক নম্বর সড়ক এলাকায় অবস্থিত ওই কারখানায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সাকিব রহমান আকাশ। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) ফরিদপুর ক্যাম্পের একদল সদস্যসহ কোম্পানি কমান্ডার ফারহান মাহমুদ মোক্তাদা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী আবুল কাশেমের চারতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামে কারখানাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছিলেন বায়েজিদ হোসেন। কারখানাটি ভুয়া লাইসেন্স ব্যবহার করে ও অননুমোদিতভাবে পরিচালিত হয়ে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো প্রশিক্ষিত কেমিস্ট ছিল না। সেখান থেকে উৎপাদিত হতো অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর নানান ওষুধ।

অভিযানকালে প্রায় তিন লাখ টাকা মূল্যের আয়ুর্বেদিক, শিশুদের জন্য বেবি জেল ও প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। পাশাপাশি ওষুধের কাঁচামাল হিসেবে রাখা কয়েক গ্যালন রাসায়নিক জব্দ করা হয়েছে। এছাড়া ওষুধ তৈরির কাজে স্থাপিত যন্ত্রপাতি সরিয়ে ফেলার জন্য ভবন মালিককে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ বলেন, গত মঙ্গলবার বায়েজিদ হোসেনের মালিকানাধীন জনতা ল্যাবরেটরিজের শহরের একটি কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। সেখানে বায়েজিদকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে তার আরেকটি অবৈধ কারখানার সন্ধান পায় এসআরবি। পরে জেলা প্রশাসনকে জানালে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, আমরা এখানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভেজাল ওষুধ, শিশু খাদ্যের বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পেয়েছি। এছাড়া ওষুধ তৈরির রাসায়নিক ও আয়ুর্বেদিক ওষুধও পেয়েছি। এগুলো আমরা বাজেয়াপ্ত করেছি।

তিনি আরও বলেন, এখানে যে ওষুধগুলো তৈরি করা হতো, সেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর। এখান থেকে এসব ওষুধ ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো বলে জেনেছি। আমরা এ সংক্রান্ত বিভিন্ন রশিদও পেয়েছি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের আরেকটি কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় স্বত্বাধিকারী বায়েজিদ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। বায়েজিদ ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় বসবাস করতেন। তবে তার মূল বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়।

সাজাপ্রাপ্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক পত্রে দলের এ সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রিয়