বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ১৯ নভেম্বর ২০২৬

সর্বনিম্নে নামার পর ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

সর্বনিম্নে নামার পর ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম
ছবিঃ সংগৃহীত

এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কার মধ্যেই বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের পরবর্তী বার্তার দিকে নজর রাখছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৭৩৩ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। তবে এর আগে দাম নেমে গিয়েছিল ৩ হাজার ৬৯৩ দশমিক ১৩ ডলারে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

অন্যদিকে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচারস ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৩৭ দশমিক ২০ ডলারে লেনদেন হয়।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, স্বর্ণের দাম সামান্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে এটি মৌলিক কোনো ইতিবাচক কারণের চেয়ে বরং পতনের বাজি নেওয়া বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার ফল হওয়ার সম্ভাবনাই বেশি।

বুধবার প্রকাশিত ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, ফেড কর্মকর্তারা গত মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও সে সময় সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেড গভর্নর মাইকেল বার বলেছেন, মূল্যস্ফীতির চাপ এখনো থাকায় তিনি আরও কঠোর মুদ্রানীতির পক্ষে থাকতে পারেন।

এদিকে ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিল বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বাড়া এবং প্লাটিনাম-সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড থেকে অর্থ বের হওয়ার পরিমাণ কমে যাওয়ায় আগামী বছর বৈশ্বিক প্লাটিনাম বাজার আবার ঘাটতিতে যেতে পারে।

বৃহস্পতিবার স্পট রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৫ দশমিক ৩৮ ডলারে দাঁড়ায়। প্লাটিনাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ দশমিক ১৬ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৬১ দশমিক ১০ ডলারে লেনদেন হয়।
 

জনপ্রিয়