রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল। একই সঙ্গে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানান, সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যারা রাজধানীতে এসে আত্মগোপন করেছে, তাদের ওপরও নজরদারি রাখা হচ্ছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত এক দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪ জনে।
রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজকর্ম ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।



























