মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে : সমবায় প্রতিমন্ত্রী
দেশের বিপুল সংখ্যক মানুষকে দক্ষতার ভিত্তিতে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষত পল্লী এলাকায় বসবাসকারী মানুষের জীবিকার নিরাপত্তা নিশ্চিতে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ (দারা), এমপি।
বুধবার (২৬ জুন) পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি (বিসিএসএএ), শাহবাগে আয়োজিত ‘পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন ও প্রসারের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা'য় প্রধান অতিথি হিসেবে বক্তব্যের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে পল্লীর আধুনিকায়ন জরুরি। এজন্য সমাজের তরুণদের এগিয়ে আসতে হবে। নেতৃত্ব দিতে হবে। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারলেই কেবল আধুনিকায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এজন্য সরকারের সদিচ্ছার কোনো কমতি নেই। সরকারের তরফ থেকে প্রায় সাড়ে চার কোটি মানুষকে প্রণোদনা দেওয়া হচ্ছে, যার অধিকাংশই নারী। ‘এক পল্লী এক জনপদ’ অথবা ‘পল্লী জনপদের’ মতো আরো নতুন-নতুন পল্লীকেন্দ্রিক প্রকল্পের দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, আজকের শিশু-কিশোররাই আগামীর ভবিষ্যৎ। তাই আমরা দেশের বিপুল এ জনগোষ্ঠীকে যদি কারিগরী-পেশাগতভাবে দক্ষ করে তুলতে পারি, তবেই তারা দেশের জন্য বোঝা না হয়ে আশীর্বাদ বয়ে আনবে। এজন্য আমাদের বহু উদ্যোক্তা তৈরি করতে হবে। ঠিক যেভাবে নয়াচীনের অবিসংবাদী নেতা মাও সে তুং তাঁর দেশের তরুণদের নিয়ে কর্মবিপ্লব গড়ে তুলেছিলেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং সভাপতিত্ব করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফফার খান।



























