জামায়াত তাদের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিল : আম্মার
জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি বলেছেন, নিজের নেতার বেলায় চোখ-মুখ বন্ধ রাখা এদেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বভাব।
প্রত্যেক রাজনৈতিক দলের ভেতরেই এক ধরনের ইন্টারনাল ডিক্টেটরশিপ চলে।
বুধবার জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বহিষ্কারের পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, ৩ বারের এমপি, সাতক্ষীরার মতো নির্যাতিত এলাকার মানুষের প্রতিনিধি হয়ে অনৈতিক কাজে জড়ানো। সাতক্ষীরা এলাকায় গেলে বুঝবেন মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছে।
প্রায় প্রত্যেক পরিবারেই ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন রয়েছে। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, বহিষ্কারের কৃতিত্ব তো সমালোচকদেরই। তারা সমালোচনা না করলে জামায়াত তাকে বহিষ্কার করত এমনটা আমারও মনে হয় না।



























