প্রথম জিম্বাবুইয়ান হিসেবে তিন হাজারি ক্লাবে রাজা
নাটকীয় ব্যাটিং আর রেকর্ডের ঝলকে শেষ ম্যাচে আলো ছড়ালেন সিকান্দার রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে দলের পরাজয় হলেও, ব্যাট হাতে অনন্য কীর্তি গড়ে ইতিহাসে নাম লেখালেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।
প্রোটিয়া বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৩ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন রাজা। তার এই ইনিংসের মধ্য দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি—যা জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে প্রথম।
এই কীর্তিতে রাজা হয়ে ওঠেন জিম্বাবুয়ের প্রথম এবং বিশ্বের ১৪তম ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করলেন। দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি। পাশাপাশি জিম্বাবুয়ের জার্সিতে সবচেয়ে বেশি ১৭টি হাফ-সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন এই অলরাউন্ডার। রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রায়ান বার্ল।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা একাই লড়াই চালিয়ে গেলেও অন্য ব্যাটাররা বড় অবদান রাখতে ব্যর্থ হন। রাজার পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ক্লাইব মদান্দে। বাকি কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৫৩ রান।
উল্লেখ্য, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে তারা অস্ট্রেলিয়াকে বিদায় করে দেয় এবং শ্রীলঙ্কার বিপক্ষেও জয় তুলে নেয়। তবে সুপার এইটে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রোডেশীয়রা। প্রথম দুই ম্যাচেই পরাজয়ের ফলে আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সিকান্দার রাজার দল।



























