সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ১৬ নভেম্বর ২০২৬

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উপহার দিলেন লিটন
ছবি: সংগৃহীত

জোহানেসবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট হাতে শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেওয়ার পর বিশেষ এক উদ্‌যাপনে নজর কেড়েছেন তিনি। নিজের শতকটি মেয়ের জন্মদিন উপলক্ষে উৎসর্গ করেছেন এই ব্যাটার।

প্রথম দিনের খেলা শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। ফলে দ্বিতীয় দিনে তাঁর সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। সেই অপেক্ষার অবসান ঘটে দিনের চতুর্থ ওভারেই। মার্কো জানসেনের বলে পুল করে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

সেঞ্চুরি পূর্ণ করে ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্‌যাপন করেন লিটন। এরপর পকেট থেকে একটি কাগজ বের করে দেখান। তাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’ মেয়ের জন্মদিনে শতক তুলে নিয়ে এভাবেই নিজের আনন্দ ভাগ করে নেন বাংলাদেশের এই ব্যাটার।

এর আগে প্রথম দিনের ৮৪ ওভারের খেলায় ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দিনের শেষ বলে তাওহিদ হৃদয়ের বিদায়ে কিছুটা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। তবে তার আগে ব্যাট হাতে দারুণ এক ইনিংস উপহার দেন হৃদয়। ১৩৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়