শনিবার ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ৯ অক্টোবর ২০২৬

ইনজুরি থেকে ফিরে নেইমারের জোড়া গোল

ইনজুরি থেকে ফিরে নেইমারের জোড়া গোল
ছবি: সংগৃহীত

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মানেনি সান্তোস। নেইমারের জোড়া গোলে ব্রাজিলিয়ান সিরি আ লিগে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে দলটি। এতে পূর্ণ পয়েন্ট পাওয়ার সুযোগ হারিয়ে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট খুইয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গো।

শুক্রবার (৯ অক্টোবর) ভিলা বেলমিরোতে ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় ফ্ল্যামেঙ্গো। খেলার ৪৩ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় দলটি। বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পাকেতা। ফলে দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় স্বাগতিক সান্তোসকে।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে সান্তোস। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান চোট কাটিয়ে ফেরা নেইমার। এরপর ৮৮ মিনিটে আরও একটি পেনাল্টি পায় সান্তোস। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে সমতায় ফেরান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

ডান ঊরুর পেশিতে চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। গত ২ সেপ্টেম্বর পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর সান্তোসের হয়ে ছয়টি ম্যাচে খেলতে পারেননি তিনি। মাঠে ফিরেই জোড়া গোল করে দলকে এক পয়েন্ট এনে দিলেন এই ফরোয়ার্ড।

ড্রয়ের ফলে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ফ্ল্যামেঙ্গো। তবে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে পালমেইরাস। দুই দলের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্ট। অন্যদিকে, ৪২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে সান্তোস।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়