ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর
সৌদি প্রো লিগে অনন্য এক রেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১০০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে তারা। আল হাজমের বিপক্ষে ম্যাচে গোল করে এই মাইলফলক স্পর্শ করে দলটি।
শনিবার (২৮ নভেম্বর) সৌদি প্রো লিগের ১৩তম রাউন্ডে আল হাজমের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের ২৫ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার গোলে এগিয়ে যায় দলটি। পরে ভিএআরের মাধ্যমে গোলটি পর্যালোচনা করেন রেফারি। এক মিনিট পর অর্থাৎ ২৬ মিনিটে গোলের বৈধতা নিশ্চিত হলে পূর্ণ হয় আল নাসরের শততম ম্যাচে গোল করার রেকর্ড।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ধারাবাহিকতার শুরু। এরপর থেকে সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একটি করে গোল করেছে আল নাসর। আল হাজমের বিপক্ষে গোলের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা পৌঁছেছে টানা ১০০ ম্যাচে।
এই রেকর্ডের মধ্য দিয়ে সৌদি ফুটবলে নিজেদের আক্রমণাত্মক সক্ষমতার নতুন নজির স্থাপন করেছে আল নাসর। প্রতিপক্ষের মাঠ কিংবা নিজেদের মাঠ—কোথাও গোলের ধারাবাহিকতায় ছেদ পড়তে দেয়নি দলটি। লিগের অন্য কোনো ক্লাব এখন পর্যন্ত এমন কীর্তি গড়তে পারেনি।
আল নাসরের গোল করার ধারাবাহিকতায় বড় অবদান রয়েছে দলের তারকাখচিত আক্রমণভাগের। নেতৃত্বে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে আছেন স্বদেশি জোয়াও ফেলিক্স ও সেনেগালের সাদিও মানে। পাশাপাশি দলের অন্য খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিপক্ষের জালে নিয়মিত বল পাঠিয়ে চলেছে ক্লাবটি।



























