নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
নবীনগর–চন্দ্রা সড়কের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে এক ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। আজকে বেতন পরিশোধের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
পরবর্তীতে শিল্প পুলিশের আশ্বাসের পর দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এতে ধীরে ধীরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। তখন শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।



























