সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ৫ অক্টোবর ২০২৬

দীপ্ত টিভির তানজিল হত্যা

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ
ছবি: সংগৃহীত

ঢাকার হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৫ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, মামলাটি থেকে এর আগে ৯ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং বাদীপক্ষ তার বিরুদ্ধে রিভিশন করেছিলেন। আদালত সেই রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র রয়েছে, তাঁদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা চলবে। রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ অক্টোবর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হয়ে মারা যান তানজিল জাহান তামিম। তামিমের বাবার জমির ওপর প্লেজেন্ট প্রপার্টিজের ভবন নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে মামলা হলে তদন্ত শেষে পিবিআই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেয়, যেখানে সুনির্দিষ্ট তথ্য না থাকায় রবিউল আলমসহ ৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে বাদীর নারাজি ও রিভিশন আবেদন আদালত কর্তৃক নামঞ্জুর হলো।

জনপ্রিয়