মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের আলোচনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন এবং স্থায়ীভাবে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় আধঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জানান তাঁরা।

শিক্ষার্থীরা আরও হুঁশিয়ারি দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে স্থায়ীভাবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে বলেও জানান তাঁরা।

পরে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আশ্বাসের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

তবে শিক্ষার্থীদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটিই দেখার বিষয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়