সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ২১ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় ২১ পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ২১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। এর বাইরে দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কয়েকটি কারখানায় কাজ না করে কর্মবিরতি পালন করেন। পরে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানায়ও ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ার বিভিন্ন স্থানে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া চলমান আন্দোলনের মধ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ ২২টি কারখানা বন্ধ রয়েছে। দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন। তবে কয়েকটি কারখানায় কাজ না করে বসে থাকেন তাঁরা। এ অবস্থায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদে বার্তায় জানান, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার শ্রমিকেরা প্রথমে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত একটি বাসে হামলা করেন। পরে পাশের একটি কারখানায় হামলা চালালে তাঁদের সেখান থেকে সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

তিনি আরও জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলসহ বিভিন্ন বস্তুর আঘাতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অবস্থা ভালো।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়