মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৩ মার্চ ২০২৬

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে আবাসিক এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) রাতে শহরের আলোর মেলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইফতি স্বেচ্ছাসেবক লীগ নেতা মুমতাজ মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুমতাজ মুকুলের দুই স্ত্রী রয়েছেন। দ্বিতীয় স্ত্রী ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রথম স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তিনি সন্তানদের নিয়ে শহরের গাইটাল এলাকার জনতা রোডের একটি বাসায় থাকেন।

সূত্রগুলো জানায়, মুকুল অধিকাংশ সময় ইফতির সঙ্গেই থাকতেন। তবে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। রোববার রাতেও স্থানীয় বাসিন্দারা তাদের ঝগড়ার শব্দ শুনেছেন বলে জানান। একপর্যায়ে প্রতিবেশীরা জানালা দিয়ে ইফতিকে ঘরের ভেতরে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ সময় তার স্বামী বাসায় উপস্থিত ছিলেন না।

সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইফতির স্বামী মুমতাজ মুকুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। লাশ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ইফতির স্বামী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ