মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৩, ২৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন লঞ্চ ঘাটের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে চরমানিকদাহ ও ঘোষেরচর দুই গ্রামবাসী শহরের গোলচত্বর এলাকায় জড়ো হয়। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। 

ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বর্তমানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লা। গুলিবিদ্ধ সকলের বাড়ি চর মানিকদাহ গ্রামে।

সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়