গণভোটের রায় কার্যকর করে সংবিধান সংস্কারের দাবি মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটে দেওয়া জনগণের রায় কার্যকর করে সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু জনগণকে দেওয়া আমাদের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। গণভোটের গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে একচুলও সরে দাঁড়াবে না বাংলাদেশ খেলাফত মজলিস।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, সরকার গঠনের জন্য ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আর সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছেন। সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। ৭০ শতাংশ মানুষের ভোটের কোনো মূল্য নেই, অথচ ৫০ শতাংশ মানুষের ভোটের শপথ নিয়ে সরকার গঠনে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের এই অধিকার আদায়ে ঘরে বসে থাকার সুযোগ নেই।
তিনি আরও বলেন, সরকার তো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে ছয় মিনিট সময় নেয়নি। আমরা জনগণকে দেওয়া আমাদের কথার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না।
সংবিধান সংশোধন নয়, সংস্কারের দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়। অতীতে ১২টি সংসদে ১৭ বার সংবিধান সংশোধন হয়েছে। কিন্তু সংশোধনের মাধ্যমে আনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। তাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আরেকটি দুর্বল সংশোধনী নয়, প্রয়োজন মৌলিক সংবিধান সংস্কার।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে হাজারো মানুষ জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন। এত রক্ত ও আত্মত্যাগ কোনো দুর্বল সংশোধনীর জন্য হয়নি। জুলাই বিপ্লব হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। বাংলাদেশকে ১৯৭২ সালের সংবিধান ও পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না।
তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত রাখা যাবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং প্রশাসন ও পুলিশকে দলীয়করণমুক্ত রাখতে হবে।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও পথের জুলাইপন্থি শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। গণভোটকে অবৈধ বলার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। ৭০ শতাংশ জনগণের ভোটাধিকারের প্রতি সম্মান দেখিয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তরিক হতে হবে।
বিএনপির উদ্দেশে মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছর একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেও একসঙ্গে নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। এখন ক্ষমতায় এসে সেই সংগ্রামের দিনগুলো ভুলে গেলে তা সরকারের জন্য আত্মঘাতী হবে।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, যারা জুলাইপন্থি শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তাদের কথায় কান দেওয়া উচিত নয়। গণভোটের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সব পক্ষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নিতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা ফজলুর রহমান, মুফতি সারওয়ার হুসাইন, মাওলানা রেজাউল করীম, মুফতি মুশতাক আহমদ, মুহাম্মদ আব্দুল আজিজ, মুফতি মুহাম্মদুল্লাহ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি আব্দুল হালিম কাসেমী, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা জাকির হুসাইন ও মাওলানা আনোয়ারুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান।



























