আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পৌর প্রকৌশলী আটক
এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন।
দুদক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমতলী পৌরসভার লেকের সৌন্দর্যবর্ধন কাজের ঠিকাদার শেখ নোমান রেজা উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, কাজের বিল ছাড়ের জন্য রুবেল খান তার কাছে ঘুষ দাবি করেছেন। ওই টাকা না দিলে বিল আটকে দেওয়াসহ কাজে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টির হুমকি দেন ওই প্রকৌশলী। এমন অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী শেখ নোমান রেজার মাধ্যমে একটি ট্র্যাপ কেস (ফাঁদ) পরিচালনার উদ্যোগ নেয় দুদক।
পরিকল্পনা অনুযায়ী, ঠিকাদার শেখ নোমান রেজার মাধ্যমে এক লাখ টাকা ঘুষ দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে রুবেল খান ওই টাকা গ্রহণ করলে আগে থেকে ওত পেতে থাকা দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে দুদক পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘ট্র্যাপ কেস পরিচালনার মাধ্যমে একটি বিশেষ অভিযান চালিয়ে রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করা হয়েছে। তার পকেট থেকে উদ্ধার টাকার নম্বরের সঙ্গে ট্র্যাপ কেসে ব্যবহৃত টাকার নম্বরের মিল পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি শুধু নোমান রেজার থেকেই নয়, পৌরসভায় যত ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ হয়, সব কাজ থেকেই তিনি ঘুষ নেন। এর মাধ্যমে রুবেল খান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তাকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘আটক রুবেল খানকে থানা হেফাজতে রাখা হয়েছে। কাল তাকে আদালতে সোপর্দ করা হবে।’



























