ডিআইজির কার্যালয়ে প্রবেশ করেছিল এক জোড়া কালনাগিনী
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
রবিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়।
পরে বন বিভাগের কাছে সাপ দুটি হস্তান্তর করা হয়েছে। এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, রবিবার বিকেলে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষে তিনটি সাপ প্রবেশ করেছে বলে খবর পাই। পরে সাপ দুটি উদ্ধার করি।
মুসা বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির কক্ষের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে।
সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকে থাকা একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। তবে সাপ দুটি বিষধর নয়। উদ্ধারের পর সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করেছি।
সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব কুয়াকাটার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে দুটি সাপ বন বিভাগের হেফাজতে রয়েছে।
বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় রয়েছে। হয়তো সেখান থেকেই সাপ দুটি কার্যালয়ে প্রবেশ করেছে।



























