দেবীগঞ্জে আলোচিত অপহরণ-ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুই গৃহবধূকে অপহরণ, এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং অপর নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
সোমবার (৯ জুন) ভোররাতে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার খলিশাকুড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলার অমরখানা এলাকার মো. পারভেজ (২০) এবং ছত্র শিকারপুর এলাকার বিশ্বজিৎ দাস (২১)।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে পঞ্চগড় ও বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে দুই নারী দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগ অনুযায়ী, তাদের অপহরণের পর এক নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয় এবং অপর নারীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তবে অসীম সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে দ্বিতীয় নারীটি কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।
ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতনের শিকার নারীকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২ জুন দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৩ জানায়, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণ, নারী নির্যাতনসহ সকল গুরুতর অপরাধ দমনে র্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
র্যাবের এই অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



























