বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

চরভদ্রাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ২৪ জুন ২০২৬

চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ছবি: সংবাদ পরিক্রমা

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, আব্দুস সালাম মোল্যা ও মেজবাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় চরভদ্রাসন উপজেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলায় মোট ৯৭টি কেন্দ্র স্থাপন করা হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে রাতকানা রোগ প্রতিরোধ, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিতকরণ, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।

সভায় বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত বয়সী শিশুদের ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়