আ.লীগের সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত
আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে বিষয়টি বৃহস্পতিবার (২৩ জুলাই) জানা যায়।
উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য এবং সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ অক্টোবর রাতে রাজধানীর নিকেতনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে সরাইল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই বছরের ৩ সেপ্টেম্বর সরাইল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ জনকে আসামি করা হয়। উম্মে ফাতেমা নাজমা বেগম ছিলেন ওই মামলার ৪ নম্বর আসামি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সাবেক সংসদ সদস্যের আইনজীবী জয়নাল উদ্দিন বলেন, নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো, হয়রানি ও আগাম গ্রেপ্তার থেকে সুরক্ষা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন এবং আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেপ্তার থেকে বিরত থাকার নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার বলেন, মঙ্গলবার রাতে উম্মে ফাতেমা নাজমা বেগম জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।



























