বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২৯ জুলাই ২০২৬

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৃষ্টির মধ্যেই সড়কে বসে পড়লেন নাহিদ-হাসনাতরা

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৃষ্টির মধ্যেই সড়কে বসে পড়লেন নাহিদ-হাসনাতরা
ছবি: সংগৃহীত

মৌলভীবাবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বার বার পুলিশি বাধার মুখে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কখনো বালুর ট্রাক সরিয়ে, কখনও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে তারা হবিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছেন।

এনসিপির গাড়িবহর এক পর্যায়ে হবিগঞ্জের বাহুবলে সাতগাঁও এলাকায় এলে বড়সড় বাধার মুখে পড়েন এনসিপির নেতাকরা। এ সময় বৃষ্টি শুরু হলে পুলিশি ব্যারিকেডের সামনে সড়কেই বসে পড়েন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলেও জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় ১৪৪ ধারা বলবৎ থাকায় জনসমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে এনসিপির নেতাকর্মীদের জেলা শহরের দিকে অগ্রসর হতে দেওয়া হয়নি।

ঘটনাস্থলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে। পরিস্থিতি শান্ত থাকলেও সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের ওপর নেতাদের কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করবে।

এদিকে এনসিপির বিক্ষোভ সমাবেশ ঘিরে হবিগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি করেছে। সেটি বাস্তবায়নে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে সেখানে।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ১৪৪ ধারা কার্যকর রাখতে বিজিবি ড্রোনের মাধ্যমে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে আইন মেনে চলা, নির্ধারিত স্থানে সমাবেশ না করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়