বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির–ছাত্রদল সংঘর্ষ, আহত ২০
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (০৫ আগস্ট) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ ব্যানারে একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শুরু করে। একই সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে ছিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
মিছিলটি ভিসি গেট এলাকায় পৌঁছালে ছাত্রদলের নেতা–কর্মীরা মিছিলে বহিরাগত থাকার অভিযোগ তুলে আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা–কাটাকাটি হয়। পরে ব্যানার টানাহেঁচড়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
জানা গেছে, এ ঘট্নায় বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মনিরুল ইসলাম গুরুতর আহত হন। আহত শিবির নেতা-কর্মীদের মধ্যে আরও রয়েছেন, সাব্বির হোসেন (বাংলা বিভাগ), আলামিন (কোস্টাল), হাফিজ সিদ্দিক (রাষ্ট্রবিজ্ঞান), হেলাল আহমেদ (বাংলা), আবদুল্লাহি বাকি (ইংরেজি), আল মামুন সিয়াম (কোস্টাল), তায়েফ (অর্থনীতি),শারাফাত সিফাতসহ (সমাজবিজ্ঞান বিভাগ) আরও ৫-৬ জন।
অন্যদিকে শিবিরের পাল্টা হামলায় কয়েকজন ছাত্রদলকর্মী আহত হন। আহত ছাত্রদল কর্মীরা হলেন ইমরান, জাহিদ, সিফাত, তরিকুল।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘শিবির বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রেকে অস্থিতিশীল করতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়ার চেষ্টা করলে ছাত্রদল তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছ। গুপ্ত সমকামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের কোন স্থান বরিশাল বিশ্ববিদ্যালয়ে হবে না।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘ববি ছাত্রশিবির ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘‘অদম্য জুলাই’’ মিছিল নিয়ে শান্তিপূর্নভাবে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিল। এসময় ছাত্রদল কর্মীরা সন্ত্রাসী কায়দায় আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের রক্তাক্ত করে। আজকের হামলা ছিলো পূর্বপরিকল্পিত। আমরা এর বিচার চাই।’



























