বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ৫ আগস্ট ২০২৬

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তামূলক বার্তা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বলা হয়, হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়।

প্রতারকরা হাইকমিশনের কর্মকর্তা সেজে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসাসংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

আরো বলা হয়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ [email protected] ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বানও জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

সর্বশেষ

জনপ্রিয়