শুক্রবার ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৭ আগস্ট ২০২৬

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
ছবি: সংগৃহীত

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকার সিল্কিবান্ধায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী ফহেত আলী পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত অবরোধ চলছিল। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল কাজ করছে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত এবং পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে।

এদিকে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক অবরোধ প্রত্যাহারের জন্য বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয়