চিকিৎসা সবার অধিকার, বৈষম্যের কোনো সুযোগ নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও হাসপাতাল ব্যবস্থাপনায় গতি আনতে ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সভায় চিকিৎসাসেবার বর্তমান চিত্র, রোগীদের ভোগান্তি ও সুযোগ-সুবিধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ এমপি।
সভায় বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, চিকিৎসাসেবা কোনো শ্রেণি, পেশা কিংবা পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হওয়ার বিষয় নয়। সমাজের প্রতিটি মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সমান। তাই হাসপাতালে কোনো ধরনের বৈষম্য না রেখে সবার জন্য সমান, মানসম্মত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, হাসপাতাল কেবল চিকিৎসা দেওয়ার স্থান নয়, এটি মানুষের আস্থা ও আশ্রয়ের জায়গা। রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল, সহানুভূতিশীল ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হাসপাতালের পরিবেশকে আরও রোগীবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
সভায় হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়। রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
এ সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সেবা প্রদান এবং রোগীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।



























