ইমাম-উলামাদের আপত্তিতে স্থগিত অ্যাশেজের কনসার্ট
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তির মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে।
জানা গেছে, কনসার্টে গান-বাজনার আয়োজনকে শরিয়তবিরোধী দাবি করে তা বন্ধের আহ্বান জানায় সদর উপজেলা ইমাম-উলামা পরিষদ। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন ইমাম-উলামারা।
স্মারকলিপিতে তারা বলেন, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ কারনে ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান ইমাম-উলামারা।
স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও দেওয়া হয়েছে।
সেই আবেদনের প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে অ্যাশেজ ব্যান্ড। সেখানে তারা লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’
এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে আয়োজক আলিশান রেস্টুরেন্টের মালিক।
কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।



























