বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৩, ১৭ নভেম্বর ২০২৬

ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরি

ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরি
ছবিঃ প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ভোর রাতে গোয়াল ঘরের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু চারটির মূল্য চার লাখ ২০ হাজার টাকা।

আজ মঙ্গলবার দুপুরে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চুরি হওয়া গরুর মালিক।

চুরি হওয়া গরুর মালিক ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে জাকারিয়া হোসেন।

জাকারিয়া জানান, “ঘরের দেয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে গেল, আমরা টেরই পেলাম না। অথচ প্রতিদিন গরু নড়াচড়া করলেই আমরা টের পাই। কয়েকদিন ধরে গরুগুলো বিক্রির জন্য যত্ন করছিলাম। শেষ সম্বলটুকু দিয়ে গরু কিনেছিলাম, আমার গরুগুলো এলাকার সব থেকে বড় ছিল। চারটি গরুই ছিল বিদেশি জাতের, চার লাখ টাকার বেশি গরুর দাম ছিল। ২০-২৫ দিন আগেও গোয়াল ঘরের তালা কেটেছিল চোর, আমরা টের পাওয়ায় দরজা খুলে পালিয়েছে।”

জাকারিয়ার স্ত্রী সাথী জানান, “আমাদের এলাকায় আমাদের গরুগুলোর মতো বড় গরু আর কারও নেই। প্রতিদিন ৭ লিটারের বেশি দুধ দিত। গরুর দুধ বিক্রি করে আমাদের সংসারের খরচসহ অন্যান্য প্রয়োজন মেটানো যেত। এখন সংসারের খরচ ও বাচ্চাদের পড়াশোনার খরচ জোগাতে কী হবে, আল্লাহই জানেন।”

লিখিত অভিযোগ দায়ের করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত শুরু হয়েছে।

জনপ্রিয়