বরিশালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া চৌমাথা এলাকায় (মহাসড়কের ঝালকাঠি অংশে) দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গ্রিনভিউ পরিবহন’ ও ‘আব্দুল্লাহ পরিবহন’-এর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়।



























