খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করা হবে।
বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইন আরও যুগোপযোগী ও কঠোর করা হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।
খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। গতানুগতিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি দপ্তরকে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে আরও সক্রিয় হতে হবে।
খাদ্যে ভেজাল প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান আইনে পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান থাকলেও অসাধু ব্যবসায়ীদের জন্য তা যথেষ্ট প্রতিরোধক না।
তাই অপরাধীদের আরও কঠোর শাস্তির আওতায় আনতে আইন যুগোপযোগী ও কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জের বিসিক শিল্পনগরী প্রসঙ্গে মন্ত্রী বলেন, অব্যবহৃত কারখানা ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর অবস্থা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে হবে।
প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিতে হবে, যাতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা, বিশেষ করে মোটরসাইকেল ও সেলফি-সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সামান্য সমস্যার কারণে কোনো প্রকল্প দীর্ঘদিন আটকে রাখা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।
এর আগে সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শিশু পার্ক’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন তিনি।
সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ও মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন খাদ্যমন্ত্রী।



























