ঢাবিতে নবান্ন উৎসব, পিঠাপুলি-গ্রামীণ খেলায় প্রাণবন্ত আয়োজন
নতুন ধানের ঘ্রাণ আর গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নবান্ন উৎসব।
বাহারি পিঠাপুলি, দেশীয় খাবার, হস্তশিল্পের প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। অন্যকে অনুসরণ না করে নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে।
নবান্ন উৎসবের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দেশের কৃষক সমাজ কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করেন। নতুন ধান ঘরে তোলার আনন্দে পিঠা, পুলি, পায়েসসহ নানা খাবার তৈরি করে তারা উৎসব উদযাপন করেন। নবান্ন উৎসবের এ ঐতিহ্য টিকিয়ে রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য বাহারি পিঠাপুলি ও দেশীয় খাবারের পাশাপাশি হস্তশিল্প এবং সৃজনশীল সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



























