শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ২০ নভেম্বর ২০২৬

মন্ত্রীর বাসভবন এলাকায় পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

মন্ত্রীর বাসভবন এলাকায় পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
ছবিঃ সংগৃহীত

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিজানুর রহমান মিনুর বাসভবন এলাকায় পটকা ফাটিয়ে পালানো এক তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেইজে ওই তরুণের সম্ভাব্য ছবিও পোস্ট করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) আরএমপির ফেসবুক পেইজে সম্ভাব্য তরুণের ছবি পোস্ট করে লেখা হয়, “এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।”

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফাটিয়ে পালিয়ে যায় ওই তরুণ। পাশের ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পটকা মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে অভিযুক্ত তরুণকে ঝাপসা দেখা যায়।

নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “ছেলেটি পটকা ফাটিয়ে পালিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সর্বশেষ

জনপ্রিয়