সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সন্ত্রাসীদের দেশে ফিরতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। এ ছাড়া আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। বাংলাদেশের জনগণ ও আইনের শাসনই তার অবস্থান নির্ধারণ করে দিয়েছে।
আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার সব ধ্বংস করেছে। এখানে এখন যারা আছে, তাদেরও ধ্বংস করা শুরু করেছে।’



























