সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ২২ নভেম্বর ২০২৬

মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি

মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবসার নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশের সোর্স হিসেবে পরিচিত আবসারকে গুলি করতে দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনি বাজারে এ ঘটনা ঘটে।

আহত আবসার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একই এলাকার মো. শাহাবু চৌধুরীর ছেলে। তেমুহনি বাজারে তার একটি ফার্নিচারের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজের দোকানে বসে ছিলেন আবসার। এ সময় আগে থেকে ওত পেতে থাকা তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার রান ও হাতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাঞ্চননগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলেন, সন্ধ্যায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে আবসারের দোকানে তাকে গুলি করে পালিয়ে যায়। কারা এ হামলা চালিয়েছে, তা তারা জানেন না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় প্রতিবাদ মিছিল করছেন তারা।

পুলিশের ধারণা, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, আবসার নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন।

জনপ্রিয়