সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:০৫, ২২ নভেম্বর ২০২৬

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত

নতুন করে ১৩ নেতাকে পদায়নকে কেন্দ্র করে রাজশাহী মহানগর যুবদলে অসন্তোষ ও দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে সংগঠনটির ‘বঞ্চিত’ নেতাকর্মীরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নগরীর রাজারহাতা এলাকায় সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে জড়ো হন। সেখানে রাত ১২টা পর্যন্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সেখান থেকে ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনে যান। তবে ওই সময় বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যান বিক্ষোভকারীরা।

দলীয় সূত্র জানায়, ২০২২ সালে মাহফুজুর রহমান রিটনকে আহ্বায়ক করে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আহ্বায়কের পদটি শূন্য হয়। পরে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।

এরপর কয়েকজন নেতা যুবদল ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ায় গত ১৫ জুলাই আটজনকে নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। সর্বশেষ শনিবার আরও ১৩ জনকে মহানগর যুবদলের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়। বিএনপিতে চলে যাওয়া এবং মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে সর্বশেষ এই পদায়নকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকা একাংশের নেতাকর্মী। তাদের আপত্তির মূল কারণ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতাসহ (সাইনিং পাওয়ার) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া। এ সিদ্ধান্তকে নিজেদের প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া এবং গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা আরিফুজ্জামান সোহেল বলেন, সংগঠন ছেড়ে যাওয়া একজন নেতাকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ যারা মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করেছেন, মহানগর কমিটিতে বড় পদ পাওয়ার যোগ্যতা তাদেরও রয়েছে। কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। বিএনপির রাজনীতি করার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখনো তারা সাংগঠনিক মূল্যায়ন পাচ্ছেন না। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে স্থান পাননি। একই কমিটিতে বারবার নতুন করে নেতাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আবেগ ও ক্ষোভ থাকা স্বাভাবিক। আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। নেতাকর্মীদের ক্ষোভ, দুঃখ ও অভিমানের কথাগুলো কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।

অন্যদিকে আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন- ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।’

জনপ্রিয়